ঝিনাইদহের মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মহেশপুর পৌরসভাধীন গাড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানা যায়, গাড়াবাড়িয়া গ্রামের মাহাবুর তরফদার বৃহস্পতিবার (১৯নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোর করে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।
বাবার মৃত্যু খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িতে আসেন মেজ ছেলে বাক প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তারা বাবার লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেওয়া হবে না।
তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এমনকি গত দুই বছর বাবার সঙ্গে দেখা করতে না পারায় তারা আদালতে মামলাও করেছিলেন।
তবে জোর করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি তরফদার। তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি। বাবা স্বেচ্ছায় তাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন স্থানীয়দের বলেছেন, ‘‘কবর খুঁড়ে রাখেন, আমি গিয়ে দাফনের ব্যবস্থা করব।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









