পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ ও ১৮৩৯ সাল লেখা একটি প্লেটসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি কথিত ‘ম্যাগনেটিক পিলার’ কি না, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে অপরিচিত ব্যক্তিদের নিয়মিত যাতায়াত নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন এলাকাবাসী। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালানোর একপর্যায়ে বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে বস্তুটি পাওয়া যায়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তি ঢাকার বাসিন্দা।
উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এবং ১৮৩৯ সাল লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হলেও এর প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো প্রতারক চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ঐতিহাসিক প্রতিষ্ঠানের নাম ও পুরোনো সাল খোদাই করা বস্তুটি কীভাবে ওই বাড়ির পানির ট্যাংকে এল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তু উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’
তিনি আরও বলেন, ‘‘উদ্ধার করা বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








