মাঠজুড়ে সোনালি ধান। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। এরই মধ্যে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন নওগাঁর মান্দা উপজেলার কৃষকেরা। কাটা ও পাকা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় বেড়েছে উদ্বেগ।
বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াই। মাঠে পড়ে থাকা কাটা ধান দ্রুত শুকাতে না পারলে গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মান্দায় ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ আবাদ করা হয়েছে।
কৃষকরা বলছেন, সারা বছরের পরিশ্রমের ফল এখন মাঠে। ধান পেকে গেছে, তাই ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সেই আনন্দের মধ্যে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। কাটা ধান ভিজে গেলে শুধু ফসলের ক্ষতি নয়, আমাদের পুরো বছরের পরিশ্রমও ঝুঁকিতে পড়বে। এখন একটাই চাওয়া—আবহাওয়া দ্রুত ভালো হোক, রোদ উঠুক, আর নিরাপদে ধান ঘরে তুলতে পারি।
কৃষি কর্মকর্তারা জানান, বৃষ্টি থামলে পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে নিতে হবে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত মাড়াই করে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। ভেজা ধান স্তূপ করে না রেখে পাতলা করে ছড়িয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করার পরামর্শও দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









