স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় খালের দুই পাড়ের বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ।
খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, ‘‘দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে।’’
খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মক্ত হওয়ায় মাছ চাষের পাশপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।’’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,সদস্যসচিব আশেক ই এলাহী মুন্না, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলুসহ প্রমুখ।
স্থানীয়রা জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দুই দশকের বেশি খালটির এক অংশ দখলে রেখে মাছ চাষ করে আসছিল। খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার বোরো মৌসুমে ধান চাষ করতে পারত না। খালটি উন্মুক্ত হওয়ায় সম্ভবনা তৈরী হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








