রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতা, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনায় হামলার ধারাবাহিক ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনা এবং নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে আরো বড় ধরনের সহিংসতার আশঙ্কা জনমনে আতঙ্ক তৈরি করেছে।
গোয়েন্দা তথ্য অনুসারে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এর মধ্যে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে রাজধানী ঢাকা। প্রশ্ন উঠেছে, তবে কি নাশকতার মূল টার্গেট ঢাকা?
গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, পুলিশ বক্স লক্ষ্য করে হামলা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও পুলিশের যানবাহনে আগুন দেওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। পিরোজপুরে বাসে অগ্নিসংযোগে ঘুমন্ত হেলপারের প্রাণহানি আরো মর্মান্তিক। রাজনৈতিক বিরোধ কিংবা কর্মসূচি বাস্তবায়নের নামে সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার যেমন রয়েছে, তেমনি জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের।
গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, আকস্মিক জমায়েত এবং গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের চেষ্টা হতে পারে। একই সঙ্গে সরকারি অফিস, আদালত, থানা ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার তথ্যও সামনে এসেছে। এসব আশঙ্কা মোকাবিলায় দেশজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযান জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে। শুধু বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই। প্রয়োজন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপ।
এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা, নির্দেশদাতা ও সরাসরি হামলায় অংশগ্রহণকারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করা। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নয়, অপরাধের প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে গুজব, উসকানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ, নির্বিচার গ্রেফতার কিংবা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে। পোশাকশ্রমিকদের মজুরি ও অধিকারসংক্রান্ত আন্দোলনসহ সাধারণ মানুষের ন্যায্য দাবিকে কোনোভাবেই নাশকতার সঙ্গে এক করে দেখা যাবে না। শ্রমিকদের আন্দোলনে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা থাকলে তা তদন্ত করতে হবে, কিন্তু ন্যায্য দাবি আদায়ের গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত রাখতে হবে। অন্যথায়, প্রকৃত অপরাধী শনাক্তের পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস ও ক্ষোভ বাড়তে পারে।
ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্র। এখানে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব সারাদেশে ছড়িয়ে পড়বে। তাই রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ স্থাপনা, গণপরিবহন ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। নাশকতার অর্থের উৎস ও অস্ত্রের জোগান বন্ধেও কার্যকর পদক্ষেপ জরুরি।
আমরা মনে করি, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জানমাল রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। আতঙ্ক নয়, প্রয়োজন দৃশ্যমান নিরাপত্তা; প্রতিশোধ নয়, প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ। ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে জন্য এখনই সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর প্রস্তুতি নিতে হবে। কোনো রাজনৈতিক শক্তির স্বার্থে নয়, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই হোক রাষ্ট্রের প্রধান অগ্রাধিকার।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








