বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন গোড়ালির গুরুতর চোটে পড়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ম্যাচে বাম গোড়ালির লিগামেন্টে চোট পান তিনি।
বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, কেইনের বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকারকে।

শুক্রবার নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোলনের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন কেইন। প্রতিপক্ষের ডিফেন্ডার জোয়েল শ্মিডের সঙ্গে সংঘর্ষের পর বাঁ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে না পারায় বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ।
বায়ার্নের পক্ষ থেকে নির্দিষ্টভাবে জানানো হয়নি, ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে কেইনকে। তবে জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
কেইনের চোট বায়ার্নের জন্য বড় ধাক্কা। একই ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেকেও। বায়ার্ন জানিয়েছে, অলিসের পায়ের সামনের অংশে আঘাত লেগেছে এবং আগামী কয়েক দিন তার চিকিৎসা চলবে।
কেইনের অনুপস্থিতিতে বুন্দেসলিগা ও ইউরোপীয় প্রতিযোগিতায় বায়ার্নের আক্রমণভাগে বড় প্রভাব পড়তে পারে। কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ২২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। অন্যদিকে কোলনের সংগ্রহ ১০ পয়েন্ট।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








