সারা বছরের পরিশ্রমে ফলানো পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, মাঠে কেটে রাখা ধানের আঁটি ও খড় বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ধান। ঘরে তোলার আগেই ফসল ভিজে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষক আবদুল বারেক বলেন, ‘১৮ কাঠা জমির ধান কাটছিলাম, তা আর বাড়ি আনতি পারলাম না। সব শ্যাষ হইয়া গেলো। এমনিতেই সার-বীজের দাম বেশি। তারপর আবার বৃষ্টিতে সব ভিজে নষ্ট হইয়া গেলো।’
কৃষকদের আশঙ্কা, ভেজা ধান দীর্ঘ সময় পড়ে থাকলে এর গুণগত মান নষ্ট হতে পারে, পরিবর্তন হতে পারে রং। পাশাপাশি ধান শুকাতেও অতিরিক্ত সময় লাগবে। এতে উৎপাদন খরচের পাশাপাশি বাড়তি লোকসানের মুখে পড়তে পারেন তারা।

কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বৃষ্টিতে কাটা ধান ভিজে গেলে দ্রুত পানি নিষ্কাশন করে ধান উঁচু ও শুকনো জায়গায় সরিয়ে নিতে হবে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। ভেজা ধান দীর্ঘ সময় স্তূপ করে রাখলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








