২০২৭ সালের জুনে ঘরের মাঠে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে বড় প্রস্তুতির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। এ উদ্যোগে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরে বিসিবি।
তবে সিরিজটির সম্ভাব্য সময় নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।
পরে বিসিবির কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানান, নাকভির দেওয়া সময়ের তথ্য সঠিক নয়। মূলত ২০২৭ সালের এশিয়া কাপ শুরুর ঠিক আগে বাংলাদেশে সিরিজটি আয়োজন করতে চায় বিসিবি।
এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশই এতে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে প্রস্তাবটি এখনো বিবেচনাধীন থাকায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না। অংশগ্রহণের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের পরবর্তী আসর।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণের ফাইনালে উঠেও রানার্সআপ হতে হয়েছিল স্বাগতিক দলকে।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব। এশিয়া কাপের আগে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মধ্য দিয়ে দলকে ভালোভাবে প্রস্তুত করার লক্ষ্য বোর্ডের।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








