দেশের মানুষের জন্য যা কল্যাণকর, বিএনপি সরকার তা-ই করবে এবং জনগণের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে। সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া দুটি পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মীর শাহে আলম বলেন, ‘‘সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। তার এই সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।’’
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









