‘‘আপনি জনগণকে প্রকৃত সেবাটা দিন, আমি আপনাকে দুলাভাইয়ের মতো মর্যাদা দেব।’’ বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মেহেন্দিগঞ্জ পৌর ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরিক সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘‘জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি নিষ্কাশনসহ প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।’’ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে তাদের সম্মান, ভালোবাসা ও মর্যাদা দেওয়া হবে।’’ এ প্রসঙ্গেই তিনি হাস্যরসের ছলে দায়িত্বশীল কর্মীদের ‘দুলাভাইয়ের মতো মর্যাদা’ দেওয়ার কথা বলেন।
মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সভায় পৌর প্রশাসক মো. রিয়াজুর রহমান সভাপতিত্ব করেন। মতবিনিময়ে বিগত দুই থেকে তিন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ ছাড়া পৌরবাসীর সুযোগ-সুবিধা বাড়াতে সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার চলমান প্রতিবন্ধকতা কাটিয়ে উন্নয়ন কার্যক্রম গতিশীল করার বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









