নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম রিদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন রিদয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাজশাহীর মতিহার থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে, শনিবার সকালে বড়াইগ্রামের শিবপুর এলাকার একটি ধানখেতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তিনি অচেতন ও অসুস্থ অবস্থায় ছিলেন এবং ঠিকমতো কথা বলতে পারছিলেন না। পরে বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশকে জানানো হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মতিহার থানার মাধ্যমে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
এদিকে, রাবি শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









