বাড়িজুড়ে আনন্দ-উল্লাস, চলছে বিয়ের আয়োজন। চারদিকে হাসি, উৎসব আর নতুন জীবনের স্বপ্ন। তবে বর-কনের মধ্যে নেই মুখের কথা, নেই শব্দের আদান-প্রদান। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করেন অনুভূতি। কারণ, দুজনই জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। তবু শারীরিক সীমাবদ্ধতা তাদের একসঙ্গে পথচলার স্বপ্নে বাধা হতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
এ যেন শব্দহীন এক ভালোবাসার গল্প। যেখানে মনের কথা বোঝাতে প্রয়োজন হয়নি উচ্চারণের, অনুভূতি প্রকাশে প্রয়োজন হয়নি শব্দের। পারস্পরিক বোঝাপড়া আর পরিবারের ভালোবাসায় শুরু হয়েছে তাদের নতুন জীবন।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভার এলাকার নুর হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে শুক্রবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের সহযোগিতা ও ভালোবাসায় স্বাভাবিকভাবে বেড়ে উঠেছেন তারা।
বরের বাবা গোলাম আজম বলেন, ‘দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েটিও বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। ইতিমধ্যে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসব।’
ছেলের সক্ষমতার কথা জানিয়ে তিনি বলেন, তার ছেলে নিজেই অনেক কাজ করতে পারে, কম্পিউটারের কাজও জানে। তার যতটুকু সম্পদ রয়েছে, তা দিয়ে দুজনের ভালোভাবেই চলবে বলে আশা করছেন তিনি।
মুখের ভাষা নেই, নেই শোনার ক্ষমতা—তবু একে অপরকে নিয়ে স্বপ্ন দেখার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি এসব সীমাবদ্ধতা। তাদের এই নতুন পথচলা যেন মনে করিয়ে দেয়, ভালোবাসা প্রকাশের জন্য সব সময় শব্দের প্রয়োজন হয় না; কখনো কখনো মনের ভাষাই হয়ে ওঠে সবচেয়ে গভীর যোগাযোগ।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









