প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে সংগঠনের সদস্যরা উদ্যানে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রচলিতভাবে কেক কাটার পরিবর্তে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি বলেন, জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিএনপির ৩১ দফার ২৯ নম্বর দফায়ও পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বিশেষ কর্মসূচির কথা উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ ও নদী খননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যা মোকাবিলার পরিকল্পনাও এতে তুলে ধরা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল এবং সদস্য অরণ্য পাশা ও আলমগীর লিটনসহ অন্যরা।
বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, এর আগে সংগঠনটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









