নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করার অভিযোগে ‘রবিউল বীজ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রবিউল আউয়াল প্রয়োজনীয় প্রত্যয়ন এবং প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ নেই। এ ছাড়া ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়ার নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত ধান ও গমের বীজ পাওয়া যায়। এসব বীজের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিল।
মো. শামীম হোসেন বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









