ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
শনিবার (২১ নভেম্বর) সকালে বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম পিএসসি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনা, মিড ডে মিল চালু, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ভারসাম্য নিশ্চিত করা এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন।
এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ও এ খাতে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানান শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রস্তাবও তুলে ধরা হয়।
শিক্ষকদের বক্তব্য ও প্রস্তাবের পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, ‘‘শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে। শিক্ষকদের যথাযথ সম্মান ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। তাদের মাদক থেকে দূরে রাখতে আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।’’
প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণের সুযোগ দেওয়া যাবে না। শিক্ষার উন্নয়নে সব উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








