মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ও দুপুরে এসব অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পৃথিমপাশা ইউনিয়নের নন্দীগ্রামে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৪২/৮৮এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কর্মধা ইউনিয়নের পাহাড়ি লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। দুই অভিযানে মোট ৫ হাজার ৫৫ প্যাকেট তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








