ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার করতে গিয়ে বাস্তবের সঙ্গে মিলহীন ছবি প্রকাশ করল বরগুনা পৌরসভা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ছবির দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজির চিহ্ন স্পষ্ট। বাকি ছবিগুলোর কয়েকটিও পুরোনো। ছবিতে এমন দৃশ্যও দেখা গিয়েছে, যার অস্তিত্ব বাস্তবে নেই। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে নেয় পৌরসভা।
শনিবার (২১ নভেম্বর) সকালে পৌরসভার নিজস্ব ফেসবুক পেজে পরিচ্ছন্নতা অভিযানের নয়টি ছবি প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, প্রতি শনিবারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা জেলা পরিষদ-সংলগ্ন একটি পুকুরের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ‘ডেঙ্গু মশক নিধন দিবস ২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও জানানো হয়।
কিন্তু ছবিগুলি ঘিরেই শুরু হয় প্রশ্ন। নয়টির মধ্যে সাতটি ছবিতে ১৭ নভেম্বরের তারিখ দেখা যায়। ব্যানারসংবলিত বাকি দুটি ছবিতে এআই দিয়ে দৃশ্য পরিবর্তনের চিহ্ন স্পষ্ট। জেলা পরিষদ এলাকার পরিচিত প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ছবির মিল নেই। ছবির সঙ্গে বাস্তব আবহাওয়ারও মিল পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অথচ পৌরসভার প্রকাশিত ছবিতে ঝলমলে রোদ। পরিচ্ছন্নতা অভিযানের প্রচারে এমন অসংগত ছবি প্রকাশের বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।
রাসেল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বরগুনা পৌরসভা এআই দিয়ে পরিষ্কার পরিছন্নতা অভিযান সম্পন্ন করেছে। প্রতি শনিবার তারা এভাবেই পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন। পৌরসভার কর্মকর্তার সুবুদ্ধি উদায় হোক।’’
সজীব লিখেছেন, ‘‘বিষয়টা সকালে সামনে পড়লো, খুবই দুঃখজনক ঘটনা। যথাযথ কর্তৃপক্ষের এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।’’
স্বেচ্ছাসেবী সংগঠক মহিউদ্দিন অপু বলেন, ‘‘ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারি প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘‘এক কথায় বিষয়টি বিব্রতকর। পরিচ্ছন্নতা অভিযান বাস্তবে পরিচালনা না করে এআই ইমেজ ব্যবহার করে পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশ করা দায়িত্বে অবহেলার শামিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত।’’
পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায় জানান, বৃষ্টির কারণে পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো সম্ভব হয়নি। প্রায় ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে বিভিন্ন স্থানে কাজ করার পরিকল্পনা ছিল। সকালে অল্প সময়ের জন্য একটি জায়গায় কাজ হয়েছে। পরে পৌর প্রশাসক বৃষ্টির মধ্যে অভিযান না চালানোর নির্দেশ দেন। আবহাওয়া অনুকূলে থাকলে রবিববার পুরোদমে অভিযান শুরু হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস বলেন, ‘‘টানা তিন দিনের বৃষ্টিতে শনিবারের অভিযান সীমিত সময়ের জন্য চালানো হয়েছে। ভুলবশত এআই দিয়ে তৈরি ছবির পাশাপাশি পুরোনো ছবিও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি পৌর প্রশাসকের নজরে আসার পর পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।’’
বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘‘কাজ না করে এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সেটিকে বাস্তব কার্যক্রম হিসেবে প্রচার করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডকে দুর্নীতিও বলা যেতে পারে। ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার ঘটনায় নিন্দা জানাই। প্রকাশিত ছবিগুলো যাচাই-বাছাই করে এর সঙ্গে পৌরসভার যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িততাদের শনাক্ত করতে হবে। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









