চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় মাইকে ঘোষণা দিয়ে যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় যুবদলের ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হন। তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ার। তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









