লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেল সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭)। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কুলাঘাট এলাকার বাসিন্দা ইমদাদুল হক (৪৫) গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









