ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের বক্তব্য প্রকাশের আগে তথ্যের সত্যতা, প্রেক্ষাপট ও বক্তব্য প্রদানকারীর যথাযথ কর্তৃত্ব যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে উদ্ধারকাজ চলাকালে অভিযানে নিয়োজিত সদস্যদের সাক্ষাৎকার নেওয়া বা সংবাদমাধ্যমের সামনে আসার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি নড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্যে বলা হয়েছে, সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিহতদের স্বজন ও প্রতিবেশীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে সংস্থাটির একজন কর্মকর্তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে। আবার কিছু ক্ষেত্রে বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হয়েছে।
এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট সঠিকভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বক্তব্যে আরও বলা হয়, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন ও অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এতে সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই প্রচারসংখ্যা কিংবা পাঠকপ্রিয়তার প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করা উচিত নয়।
ফায়ার সার্ভিস জানায়, এটি একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থাটির সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই সংস্থার নাম জড়িয়ে কোনো তথ্য প্রচারের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা জরুরি।
এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম-সংক্রান্ত যেকোনো তথ্য ও বক্তব্যের জন্য সংস্থাটির মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে অভিযানে নিয়োজিত সদস্যদের সাক্ষাৎকার নেওয়া কিংবা সংবাদমাধ্যমের সামনে আসার অনুরোধ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, এতে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার মূল্যবান সময় অপচয়ের আশঙ্কা থাকে।
এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্পর্কে অবগত নন, এমন কর্মকর্তা বা সদস্যের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং বক্তব্য প্রদানকারীর যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, সংস্থাটি গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। সংস্থাটিকে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রমের নির্বিঘ্নতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার গঠনমূলক ও দায়িত্বশীল সহযোগিতা কামনা করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








