রাফায়েল নাদাল তখন ভিআইপি গ্যালারিতে। কিছুদিন আগেই সর্বসম্মতিক্রমে রিয়াল মাদ্রিদের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেনিসের এই কিংবদন্তি। তার সামনে নিজেদের চেনা লড়াকু চরিত্রেরই যেন প্রদর্শনী করল রিয়াল। তবে সেই লড়াইয়ে ছিল না কোনো জৌলুশ। ছিল দীর্ঘ সময়ের অস্বস্তি, হতাশা, পেনাল্টি মিস, প্রতিপক্ষের আক্রমণে দিশেহারা হয়ে পড়া এবং শেষ পর্যন্ত এক তরুণের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।
ম্যাচের ৮৫ মিনিটে কার্লোস এস্পির গোলে সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। মাত্র তিন মাস আগেও ২১ বছর বয়সী এই ফুটবলারের এমন ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা কেউ কল্পনা করেনি। অথচ এখন প্রতিপক্ষকে শেষ মুহূর্তে ঘায়েল করার ক্ষেত্রে তার চেয়ে নির্ভরযোগ্য কেউ যেন রিয়ালে নেই। এ নিয়ে গুরুত্বপূর্ণ চারটি গোল করলেন এস্পি। এর আগে এস্পানিওল, এলচে ও রোমার বিপক্ষেও শেষ মুহূর্তে দলকে উদ্ধার করেছেন তিনি।
সেল্তা অবশ্য ম্যাচের বড় একটা সময় রিয়ালের চেয়ে ভালো ফুটবল খেলেছে। তাদের ছিল আত্মবিশ্বাস, পরিকল্পনা ও আক্রমণে যাওয়ার সাহস। কিন্তু শেষ পর্যন্ত গোল করার সেই নির্মম দক্ষতা আর প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার প্রবৃত্তির অভাবই তাদের ডুবিয়েছে।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর রিয়াল পেয়েছে টানা নবম জয়। তবে তার আগে ছিল আরেকটি আবেগঘন মুহূর্ত। সম্প্রতি মারা যাওয়া টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। তার স্ত্রী, মেয়ে ও বাবার প্রতি সমবেদনা জানান দুই ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। মাঠে উপস্থিত ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস ও সেল্তার সভাপতি মারিয়া মোরিনিও।
ম্যাচ শুরুর আগেই আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের লিগ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও তাকে রাখা হয়েছিল বদলি বেঞ্চে। ফলে রিয়ালের বাঁ প্রান্তে জায়গা পান ইয়ান দিয়োমান্দে। গত পাঁচ মৌসুম ধরে যে জায়গা কার্যত ভিনিসিয়ুসের দখলে। বিশ্রামের কারণে বেঞ্চে ছিলেন চুয়ামেনি, ভালভের্দে ও কুকুরেয়াও।
কিন্তু রাত নয়টায় মাঠে নামা রিয়ালকে দেখে মনে হচ্ছিল, আন্তর্জাতিক বিরতির আগে যে দলটি দুর্দান্ত ছন্দে ছিল, এটি সেই দল নয়। সাম্প্রতিক সময়ের অস্বস্তি যেন আবার ফিরে এসেছে। রিয়ালের মন্থরতা ও সমন্বয়হীনতার সুযোগ নিতে দেরি করেনি সেল্তা।
ম্যাচের শুরুতেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠে গ্যালিসিয়ার দলটি। উইলিয়টের ক্রস থেকে বল জালে পাঠান পাবলো দুরান। ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা তখন কেবল তাকিয়ে দেখেছেন। তার মনোযোগের ঘাটতি রিয়ালের সামগ্রিক নিষ্প্রভতারই প্রতীক হয়ে উঠল।
এরপর রিয়াল চাপ বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু দুই সপ্তাহ আগের সেই ধার আর দেখা যায়নি। বার্নার্দো সিলভা হেডে গোলের সুযোগ পেয়েছিলেন। কিলিয়ান এমবাপ্পেও দূর থেকে নিচু শটে পরীক্ষা নিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষককে। কিন্তু আক্রমণে গতি থাকলেও স্বচ্ছতা ছিল না। অন্যদিকে সেল্তা শৃঙ্খলিতভাবে রক্ষণ সামলে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠেছে। উইলিয়ট অল্প সময়ের ব্যবধানে আরও দুবার গোলের সুযোগ পান। প্রথমবার রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে শট নিলেও পরেরবার তাকে আটকে দেন থিবো কোর্তোয়া।
বিরতির ঠিক আগে পেনাল্টি পেয়েছিল রিয়াল। জাভি রদ্রিগেজের পেছন থেকে ধরে ফেলার ঘটনাকে ফাউল হিসেবে দেখেন রেফারি। ভিএআরও সেই সিদ্ধান্তে সম্মতি দেয়। কিন্তু স্পটকিক থেকে বল গ্যালারিতে পাঠিয়ে দেন এমবাপ্পে। তাতে পরিস্থিতি আরও হতাশাজনক হয়ে ওঠে। গ্যালারির দর্শকেরা বিরক্তি প্রকাশ করতে শুরু করেন। সকালে ক্লাবের সাধারণ সভায় ফ্লোরেন্তিনো পেরেস খেলোয়াড়দের দুয়ো না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই সমর্থকদের মধ্যে হতাশা স্পষ্ট। সাম্প্রতিক উন্নতির পর দল আবার পুরোনো দুর্দশায় ফিরে যায় কি না, সেই আশঙ্কাই যেন ঘিরে ধরেছিল বার্নাব্যুকে।
বিরতির পরও রিয়ালের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। পরিস্থিতি সামাল দিতে কোচ হোসে মরিনিও মাঠে নামান ভিনিসিয়ুস, ভালভের্দে ও কুকুরেয়াকে। উঠে যান বার্নার্দো সিলভা, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কারেরাস। এই পরিবর্তনের ফলে আর্দা গুলেরকে নামিয়ে দেওয়া হয় সেন্টারব্যাকের ভূমিকায়—যে সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় চরম জরুরি পরিস্থিতিতে। ভিনিসিয়ুসের আগমনে দিয়োমান্দেকে সরিয়ে নেওয়া হয় ডান প্রান্তে।
রিয়ালের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার কাছাকাছি সময়ে জুটগ্লা ও পাবলো দুরান পরপর দুটি সুযোগ নষ্ট করেন। এমন সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ভাগ্য অন্য রকম হতে পারত।
শেষ পর্যন্ত সমতা ফেরান জুড বেলিংহাম। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে ভিনিসিয়ুস বল বাড়ান এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ডের পাস পেয়ে ইংলিশ মিডফিল্ডার নিচু শটে বল পাঠান গোলের নিচের কোণে। রাদুর কিছুই করার ছিল না। ১-১।

এরপর দিয়োমান্দের জায়গায় এন্দ্রিককে নামান মরিনিও। কিন্তু সমতা ফেরানোর পরও রিয়ালের খেলায় খুব বেশি পরিবর্তন আসেনি। আক্রমণে তাড়না ছিল, কিন্তু পরিকল্পনার স্পষ্টতা ছিল না। সেল্তার রক্ষণ ভাঙতে গিয়ে বারবার আটকে যাচ্ছিল তারা।
শেষ পর্যন্ত মরিনিওর শেষ বাজি ছিল কার্লোস এস্পি। কামাভিঙ্গাকে তুলে তাকে মাঠে নামিয়ে আক্রমণে একসঙ্গে চারজনকে সাজান পর্তুগিজ কোচ—ভিনিসিয়ুস, এন্দ্রিক, এমবাপ্পে ও এস্পি। মাঝমাঠে থাকেন গুলের ও বেলিংহাম। আক্রমণভাগের সম্ভাব্য বিকল্পদের মধ্যে কেবল ব্রাহিম দিয়াজই তখন বেঞ্চে।
এই ঝুঁকির ফল মিলল শেষ মুহূর্তে। ভিনিসিয়ুসের ক্রস থেকে হেড করেন এস্পি। রাদু প্রথম প্রচেষ্টায় বল ঠেকালেও ফিরতি বল আর সামলাতে পারেননি। জালে বল জড়াতেই বার্নাব্যুতে স্বস্তির বিস্ফোরণ। ২-১।
আবারও শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা এস্পি। এমন কিছু মুহূর্ত আছে, যখন সময় যেন একটু থেমে যায়। এস্পির গোলটিও তেমন এক মুহূর্তের জন্ম দিল।
ম্যাচ শেষে মরিনিওর কণ্ঠে স্বস্তির পাশাপাশি ছিল বাস্তবতার স্বীকারোক্তি। তার ভাষায়, ‘আজকের তিন পয়েন্ট সোনার চেয়েও দামি।’ তবে তিনি মনে করেন, ম্যাচের ১৫ মিনিট আগেই যদি রিয়াল দ্বিতীয় গোলটি করত, তাহলে হয়তো জয় পাওয়া সম্ভব হতো না। কারণ, শেষ দিকে যে আক্রমণাত্মক বিন্যাসে দলকে খেলিয়েছেন, তাতে ভারসাম্য ছিল না।
নাদাল হয়তো নিজের ক্যারিয়ারে এমন প্রত্যাবর্তন অসংখ্যবার দেখেছেন, নিজেও উপহার দিয়েছেন। এবার বার্নাব্যুতে তার সামনে সেই পরিচিত দৃশ্যেরই পুনরাবৃত্তি। রিয়াল ভালো খেলেনি, আধিপত্যও দেখাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত হার মানেনি। আর সেই লড়াইয়ের নতুন মুখ হয়ে উঠেছেন কার্লোস এস্পি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








