বর্ণাঢ্য আয়োজন, গান ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ৮টায় নিউইয়র্কের ব্রঙ্কসের ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় এক আনন্দঘন অনুষ্ঠানের।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান। এ সময় তিনি সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।
মূলত কণ্ঠশিল্পীদের মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এ আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া, চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন, এহেতেশাম মুকুট, হামজা, জোসেফিন মিষ্টি, বিনিটা জয়া, আসাদ সোহেল ও সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেকে। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উচ্ছ্বাস।
প্রথম বর্ষপূর্তির বিশেষ আকর্ষণ ছিলেন সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের থিম সংয়ের রচয়িতা সৈয়দ আলী শুভ। অনুষ্ঠানে সংগঠনটির থিম সং পরিবেশন করা হয়। গানটি উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতারা।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান। সংগঠনের এক বছরের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সংগীতশিল্পীদের একত্র করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসে বাংলা সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট। সংগঠনটির আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও অতিথিরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








