শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রাম পালেরচর। এই গ্রামের সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা তরুণ মো. রমজান মিয়া এবার নিজের মেধা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল ‘গ্যালাকটিক পোয়েট’। এ সাফল্যের মধ্য দিয়ে বৈশ্বিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দলটির সামনে। রমজানের এ অর্জনে গর্বিত তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জাজিরাবাসী।
রমজান মিয়ার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মহিউদ্দিন হাওলাদার কান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ মাসুদুজ্জামান দাদনের ছেলে। সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।
গত ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের পাঁচ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘গ্যালাকটিক পোয়েট’ দল অংশ নেয়। দলটির সদস্য ছিলেন রমজান মিয়া। অন্য সদস্যরা হলেন দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান।
প্রতিযোগিতায় দলটির উদ্ভাবনী প্রকল্পের নাম ‘রোভার ভিলা’। মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোবের ইতিহাস সাধারণ মানুষের কাছে সহজবোধ্যভাবে তুলে ধরতে তাঁরা তৈরি করেছেন জাদুঘরধর্মী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের কার্যক্রম, অভিযান, সাফল্য ও অবদানের ইতিহাস সংরক্ষণ এবং উপস্থাপনের ব্যবস্থা রয়েছে।
দলটির প্রত্যাশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহাকাশবিজ্ঞানে আগ্রহী সাধারণ মানুষও সহজে জানতে পারবেন মহাকাশযান ও অনুসন্ধানী যন্ত্রগুলোর অজানা গল্প। পৃথিবী ছেড়ে দূর মহাকাশে পৌঁছে যাওয়া এসব যন্ত্রের অভিযান ও অর্জনের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
গত ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে ‘গ্যালাকটিক পোয়েট’ দলের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, ‘এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।’
আসফিরও নাসার এ প্রতিযোগিতায় পূর্ববর্তী সাফল্যের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কোয়ান্টাম ভয়েজার’ দলের সদস্য ছিলেন তিনি। এবার তাঁর নেতৃত্বে নতুন দল ‘গ্যালাকটিক পোয়েট’ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দলটি বৈশ্বিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল রাউন্ডের জন্য নির্বাচিত দলগুলোর নাম ঘোষণার কথা রয়েছে। সেখানে মনোনীত হলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন রমজান ও তাঁর সতীর্থরা। এখন তাঁদের লক্ষ্য বৈশ্বিক পর্যায়েও ভালো ফল অর্জন করা।
নিজের ফেসবুক পোস্টে রমজান মিয়া এ অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এ চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অনেক আনন্দিত ও গর্বিত। টানা কয়েক দিনের চিন্তাভাবনা, পরিকল্পনা ও কোডিংয়ের পর আমাদের এই অর্জন এসেছে। পুরো দল অসাধারণ পরিশ্রম করেছে। আমাদের মেন্টর ও বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা, তাঁরা আমাদের কাজ ও পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে সহযোগিতা করেছেন। এবার আমাদের লক্ষ্য বৈশ্বিক পর্যায়ে ভালো কিছু করা। গ্লোবাল রাউন্ডে যেন সফল হতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’
রমজানের এ সাফল্যে উচ্ছ্বসিত তাঁর শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়টির শিক্ষক শেখর প্রসাদ ভৌমিক বলেন, ‘রমজান আমাদের বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী। সে আমার সরাসরি ছাত্র ছিল। তার এমন আন্তর্জাতিক অর্জনে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একটি প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী হয়ে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সে আজ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে, যা আমাদের বিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করি, রমজান ভবিষ্যতেও তার মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।’
পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি বলেন, ‘রমজান আমার ইউনিয়নের গর্ব। প্রত্যন্ত এলাকার একটি গ্রামের ছেলে আজ আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে, এটি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা করি, রমজান ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং নিজের মেধা ও উদ্ভাবনী প্রতিভা দিয়ে দেশের জন্য, এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার এ অর্জন এলাকার অন্য তরুণদেরও স্বপ্ন দেখতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে।’
প্রতিবছর পৃথিবী ও মহাকাশবিষয়ক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান তৈরির লক্ষ্য নিয়ে নাসা আয়োজন করে ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’। এবারের প্রতিযোগিতা বিশ্বের ১১০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০টি স্থানীয় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও নয়টি স্থানীয় আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
জাজিরার প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে রমজানের এ অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো শরীয়তপুর জেলার জন্যও গর্বের। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব, রমজান তারই উদাহরণ। তাঁর এ সাফল্য এলাকার নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









