কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে উপজেলা যুবদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া তাদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।
পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে ও ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব তাদের।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, জুলফিকার হোসেন জুয়েল এবং নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








