গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা ষড়যন্ত্রও তাকে আদর্শ ও বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারেনি। তার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
রবিবার (২২ নভেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকেলে চট্টগ্রামের রাউজানে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গহিরা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান। সঞ্চালনা করেন সদস্যসচিব ফিরোজ আহমেদ।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন একই জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয়ন কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদ।
বক্তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিতর্কিত মামলায় সালাউদ্দীন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যায়নি। চট্টগ্রামসহ দেশের সংকটময় সময়ে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। সংসদ ও জাতীয় রাজনীতিতে তার সাহসী বক্তব্য ও বলিষ্ঠ ভূমিকা তাকে উপমহাদেশের অন্যতম আলোচিত পার্লামেন্টারিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বক্তরা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জনপ্রিয়তা ও রাজনৈতিক নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। সংসদীয় রাজনীতিতে তার প্রজ্ঞা, সাহস, দৃঢ় অবস্থান ও দূরদর্শিতা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দীন কাদের চৌধুরীর সন্তান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সন্তান সাকের কাদের চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আজম খান ও আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুফ চৌধুরী, সহসভাপতি সাবের সুলতান কাজল, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নুর, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্মরণসভায় চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের উপজেলার বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গহিরায় সালাউদ্দীন কাদের চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকালে গহিরা বক্স আলী চৌধুরী জামে মসজিদে তার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা জানান।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনভর তার গ্রামের বাড়ি গহিরায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








