জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে আমাদের প্রার্থীদের হারানো হয়েছে। ১০/১২ হাজার ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে এটা ইচ্ছাকৃত বলে তিনি অভিযোগ করেন।
বিরোধী দলীয় নেতা বলেন, যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে- আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে। এটা এখন আমাদের কাছেও পরিষ্কার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত ইসলামীর ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এবারের র্নিাচনে আমাদের তিনটি লভ হয়েছে। এক. এই প্রথম জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো- এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। ছয় শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি।
জামায়াত আমির বলেন, এই ছয় শক্তি নিয়ে তারা আমাদের সাথে পারতো না, যদি অন্যকিছুর আশ্রয় না নিতো। এই অন্য কিছুর আশ্রয়ের কথা এখন কেবল আমরা বলছি না, টিআইবি বলেছে, সুজনও একই কথা বলছে, আরও অনেকে বলতে শুরু করেছে। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের আবার লড়তে হবে। এখন থেকেই আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।
সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ডা. শফিকুর রহমান আরও বলেন, ঢাকার বস্তিগুলোতে গিয়ে বড় বড় ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু এসব বস্তিতে টাকা, ওয়াদা সন্ত্রাস কোনকিছুই কাজ করেনি। ফলাফলে তা দেখা গেছে।
দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমাদের প্রথম লড়াই ছিলো জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেনো আমাদের খালি না থাকে।
তিনি বলেন, এই নির্বাচনে যারা জীবনবাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলো, সমাজের সেসমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকদের বের করে তাদের হাতে ওই স্থানীয় সরকারের দায়িত্ব তুলে দিতে চাই। আমেদের এই জায়গায় অনেক বেশি উদারতা দেখাতে হবে।
অনুষ্ঠানে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









