বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আপনারা সাদাকে সাদা বলুন, কালকে কাল বলুন। কোনো আপত্তি নেই। কিন্তু ইয়োলো জার্নালিজম যেন না হয়। এতে অনেক ক্ষতি হয় দেশের, এলাকার ক্ষতি হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয় মিলানায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার শুরুতেই এসব কথা বলেছেন বিএনপির কোষাধ্যক্ষ ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, তথ্যমন্ত্রীর সাথে ইতোমধ্যেই আপনাদের ওয়েজ বোর্ড নিয়ে কথা বলেছি, আপনাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছি। কিন্তু একটি বিষয়ে অনুরোধ যাতে করে কোন রকমে মিথ্যা সংবাদ, যা সমাজের বিশৃঙ্খলার ঘটনা ঘটে এমন বিভ্রান্তকর খবর যাতে ছাপানো না হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসুন আমরা সকলে মিলে একসঙ্গে দেশটা গড়ার কাজে লাগি। প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, প্রত্যেকটি জায়গা নষ্ট হয়েছে, প্রত্যেক জায়গা দুর্নীতিতে সয়লাব হয়েছে এবং বিস্তর দুর্নীতি হয়েছে ইতোমধ্যেই। সেইগুলোকে পূরণ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষিঋণ দশ হাজার টাকা যাদের ছিলো, সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এরপর ভিজিএফ কার্ড, ভিশন কার্ড, ফ্যামেলি কার্ড যেগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।
জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









