রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা: পানি সম্পদমন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা: পানি সম্পদমন্ত্রী

সুনামগঞ্জের হাওর অঞ্চলের লাখো কৃষকের বোরো ফসল রক্ষায় নির্মিত ও নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সুনামগঞ্জ-১  আসনের জামালগঞ্জ ও ধর্মপাশা  উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ হাওর ও বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে মন্ত্রী কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।

​পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "কৃষকের ঘাম ঝরানো ফসল নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগাম বন্যার আগেই টেকসই বাঁধ নিশ্চিত করতে হবে। বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকারের নীতি স্পষ্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।"

​মন্ত্রী বাঁধ এলাকা ঘুরে দেখার সময় স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। কৃষকরা বাঁধ নির্মাণে ধীরগতি ও কিছু জায়গায় মাটির কাজের মান নিয়ে অভিযোগ তুললে মন্ত্রী তাৎক্ষণিকভাবে দায়িত্বরত প্রকৌশলীদের জবাবদিহিতার আওতায় আনেন।

​মন্ত্রীর এই সফরে সাথে ছিলেন সুনামগঞ্জ জেলার ৩ টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ,​ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,​ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ,

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবাদকর্মীবৃন্দ।

​এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, "বর্তমান সরকার হাওরবাসীর জানমালের নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফসল রক্ষা বাঁধ কেবল মাটির স্তূপ নয়, এটি হাওরবাসীর জীবন-জীবিকার রক্ষা কবচ।" তিনি স্থানীয় জনসাধারণকে বাঁধ রক্ষায় সজাগ থাকার এবং যেকোনো অনিয়ম দেখলে সরাসরি প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

​বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে মন্ত্রী আশ্বস্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রকল্পের কাজ সমাপ্ত হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.