রাষ্ট্র ও সমাজকে আরো মানবিক ও দায়বদ্ধ কাঠামোয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও নিজেকে অসহায় মনে না করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বরিশাল ও পিরোজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, একটি দুর্ঘটনা কেবল একজন মানুষের জীবন কেড়ে নেয় না; এটি একটি পরিবারকে দীর্ঘমেয়াদী কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। অনেক পরিবার উপার্জনক্ষম সদস্য হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব।
মন্ত্রী বলেন, আর্থিক সহায়তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রশিক্ষণ নিশ্চিত করা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।
পরিবহন খাতে অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু শ্রমিক নেতার স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি, হয়রানি ও অঘোষিত ধর্মঘট জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেন তিনি।
অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৭ জন ও বরিশাল জেলার ৫৪ জনসহ মোট ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে ২ কোটি ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল বিআরটিএ পরিচালক মো. জিয়াউর রহমান, বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিক, সড়ক শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল, বরিশাল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শিকদার ডালিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









