রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে লোকলজ্জায় চাইতে পারে না যে মধ্যবিত্তরা

ফোন পেলেই অসহায়দের ঘরে সাহরি নিয়ে ছুটে যান তাঁরা

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

ফোন পেলেই অসহায়দের ঘরে সাহরি নিয়ে ছুটে যান তাঁরা

মধ্যরাত পেরিয়ে গেছে। সেহরীর সময় আর খুব বেশি বাকি নেই। শহরের গোলাহাটের একটি ছোট ঘরে নীরবতায় বসে ছিলেন রেহানা খাতুন (ছদ্দনাম)। ঘরে চাল নেই, আটা নেই, রান্না করার মতো তেমন কিছুই নেই। অথচ লোকলজ্জায় কারও কাছে হাত পাততেও পারছেন না তিনি। ঠিক তখনই কারও কাছ থেকে শোনা একটি ফোন নম্বরের কথা মনে পড়ে। সাহস করে শুধু একটি মিসকল দেন তিনি।

এরপর যা ঘটেছে, তা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। ফিরতি ফোনে প্রয়োজনের কথা জানার মাত্র ৩০ মিনিটের মধ্যেই বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাতে সাহরীর জন্য আটা, চিনি, চাপাতাসহ প্রয়োজনীয় রান্না সামগ্রী নিয়ে হাজির হন আহলে সুন্নাহ ওয়েলফার ট্রাস্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর সদস্যরা।

ঠিক এমনভাবেই লোকলজ্জায় সামনে আসতে না পারা অসহায় ও মধ্যবিত্ত পরিবারগুলোর ফোন পেলেই গভীর রাতে বিনামূল্যে সাহরী পৌঁছে দিচ্ছেন আহলে সুন্নাহ ওয়েলফার ট্রাস্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত স্বেচ্ছাসেবকরা। শুধু সাহরীই নয় ইফতারও পৌঁছে দেওয়া হচ্ছে পুরো রমজানজুড়ে। নাম-পরিচয় প্রকাশ না করেই শুধু একটি ফোনকলেই মিলছে এই মানবিক সহায়তা।

সংগঠন সূত্রে জানা যায়, আহলে সুন্নাতের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নম্বরে কল করলেই প্রয়োজন অনুযায়ী সাহরী পৌঁছে দেওয়া হচ্ছে । পুরো রমজান মাসজুড়েই চলবে এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।

আহলে সুন্নাহ ওয়েলফার ট্রাস্ট ও আহল সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য আসিফ, হায়দার, আরমান, ওয়াহিদ, ইরফান, আনোয়ারসহ অন্যান্যরা জানান, গতকাল মধ্যরাতে আমাদের মোবাইলে কল আসে নতুন বাবুপাড়া এলাকায় তিন সদস্যের একটি পরিবারের সাহরী করার মতো কিছু নেই। খবর পেয়ে আমরা দেরি না করে আটা, চিনি, ডাল, তেল, চাপাতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের বাসায় পৌঁছে দিই, যেন কয়েকদিন নির্বিঘ্নে চলতে পারে সে দুঃখি পরিবার।

এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়েলফার ট্রাস্টের সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম বলেন, আমাদের সমাজে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা না খেয়ে রাত কাটালেও লোকলজ্জায় কারও কাছে চাইতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমরা এই ফোনকল সেবা চালু করেছি। কল করলেই সাহরী সিরিয়াল অনুযায়ী পৌঁছে দিচ্ছি। প্রতিদিন গড়ে ৭/৮টি পরিবারকে ব্যাগ ভর্তি সাহরি দিচ্ছি আমরা। প্রথম রমজান থেকে ১০ রমজান পর্যন্ত আমরা প্রায় ৫০ এর অধিক পরবারকে রাতে সাহরির খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। প্রতি রমজানেই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকে।

এ বিষয়ে ট্রাস্টের সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী জানান, প্রতিদিন গড়ে ৭/৮ টি পরিবারকে ব্যাগভর্তি সাহরি ও ৩০ দিন ব্যাপি ইফতারে প্রচুর অর্থ লাগে। এতে ট্রাস্টের সদস্যরা ও আমাদের সৈয়দপুরের বিত্ববানরা আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করছেন বলে আমরা মানবিক এই কার্যক্রম চালাতে পারতেছি। মানবিক এই কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উল্লেখ্য, মধ্যরাতে অসহায়দের বাসায় সাহরি পৌঁছে দেওয়ার পাশাপাশি ট্রাস্ট ও আহলে সুন্নাতের উদ্যোগে ৩০ দিনব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচিও চলছে। প্রতিদিন বিকেল ৫টায় সৈয়দপুর শহরের জিআরপি চত্বরে শতাধিক রোজাদারকে ইফতার দেওয়া হচ্ছে।

এদিকে লোকলজ্জায় সাহায্য চাইতে না পারা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ফোনকলের মাধ্যমে সাহরি দেওয়ার এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন আলেম-উলামা ও সমাজের সুধীজনরা। তাঁদের মতে, নীরবে, নিভৃতে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দিচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.