নারায়ণগঞ্জের রূপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের শোকাহত পরিবারে পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। দুর্ঘটনার বেদনায় ভেঙে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনি শুধু সহানুভূতিই জানাননি নিয়েছেন দায়িত্ব, দিয়েছেন আশ্বাস, জুগিয়েছেন সাহস।
গত ৯ ফেব্রুয়ারি পূর্বাচল তিনশ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে স্ত্রী–সন্তানসহ স্বজনরা পড়ে যান চরম অনিশ্চয়তায়।
এই কঠিন সময়ে গতকাল বিকেলে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় নিহতের বাড়িতে ছুটে যান নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূইয়া। সঙ্গে ছিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার কিন্তু তার চেয়েও বড় ছিল সহমর্মিতার বার্তা। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি, শোনেন তাদের দুঃখ–কষ্টের কথা, সান্ত্বনা দেন শোকাহত স্ত্রী ও শিশু সন্তানদের।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিহতের সন্তানদের মাথায় হাত রেখে এমপি দিপু বলেন, তোমাদের বাবার জায়গা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তোমাদের ভবিষ্যৎ যাতে থেমে না যায়, সে দায়িত্ব আমি নিলাম। লেখাপড়া থেকে শুরু করে জীবনের প্রতিটি প্রয়োজনেই আমি পাশে থাকব। তাঁর এই প্রতিশ্রুতিতে অশ্রুসজল হয়ে ওঠে উপস্থিত স্বজনদের চোখ।
পরে তিনি নিহতের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার তুলে দেন। বিদায়ের আগে আবারও আশ্বস্ত করেন পরিবারটি যেন নিজেদের একা না ভাবে, যেকোনো প্রয়োজনে তিনি থাকবেন তাদের পাশে।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্পে সীমাবদ্ধ নয় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। এমপি দিপু ভূইয়া সেই মানবিক নেতৃত্বেরই দৃষ্টান্ত স্থাপন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









