রাজধানীর মিরপুর থেকে বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ফজলে রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাকে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ফজলে রাব্বীকে ঢাকার সিএমএম আদালতের (২৩ নম্বর আদালত) বিচারক কামাল উদ্দিনের এজলাসে তোলা হয়।
শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর সংলগ্ন মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে ফজলে রাব্বী অত্যন্ত সক্রিয় ছিলেন। দলীয় কোনো প্রাতিষ্ঠানিক পদ না থাকলেও এলাকায় 'উদীয়মান ছাত্রনেতা' হিসেবে পরিচিতি ছিল তার। আসন্ন বানারীপাড়া উপজেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক, যেকোনো একটি শীর্ষ পদের তিনি অন্যতম শক্তিশালী পদপ্রত্যাশী ছিলেন।
এদিকে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুসারী ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনেকেই তাঁর নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









