সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্রেনের তার ছিঁড়ে রূপগঞ্জে দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

ক্রেনের তার ছিঁড়ে রূপগঞ্জে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি পণ্যঘাটে ক্রেনের তার ছিঁড়ে ভারী গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২ মার্চ) সন্ধ্যার পড় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই উপজেলার নাদোর শহীদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল ওঠানামার জন্য একটি বেসরকারি ঘাট রয়েছে, যার মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় একটি কার্গো জাহাজ থেকে গম আনলোডের সময় ক্রেনচালক আমিনুল ইসলাম গ্র্যাব নামিয়ে মালামাল নামাচ্ছিলেন। এ সময় ক্রেনের নিচে দাঁড়িয়ে তিন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই ক্রেনের তার ছিঁড়ে ভারী গ্র্যাবটি নিচে থাকা শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই আলামিন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় মিশু নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, দুর্ঘটনার পরপরই শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় শ্রমিকদের অভিযোগ, ঘাটে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হচ্ছে। ভারী মালামাল ওঠানামার সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না। নিয়মিত যন্ত্রপাতি পরীক্ষা বা শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের বিষয়েও মালিকপক্ষের তদারকি নেই। ফলে সামান্য ত্রুটিতেই বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এ দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গঙ্গানগর ঘাটের এ মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকমহলে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.