নোয়াখালীর হাতিয়ায় মিথ্যা ধর্ষণের তথ্য ছড়িয়ে এলাকা অস্থির করা ও হাতিয়ার ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রোববার বিকেলে পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হাতিয়াকে সারা দেশের কাছে কলঙ্কিত করার চেষ্টা করেছে। তিনি বলেন, সত্য উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে হাতিয়ায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা হবে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আসন্ন ১০ মার্চ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বড় জনসভা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, দেশের শীর্ষ নেতৃত্ব সেখানে হাতিয়ার নদীভাঙনসহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









