রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১২:০১ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন। 

তিনি এক্স পোস্টে বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।’

খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের পর এ প্রতিক্রিয়া এল।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার, জেনিভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

একই সঙ্গে এই যুদ্ধে তিন মার্কিন সেনার নিহত হওয়ার ঘটনার পর, তিনি আরও হতাহতের আশঙ্কার কথাও উল্লেখ করেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘দুঃখজনকভাবে, এটি (যুদ্ধ) শেষ হওয়ার আগেই আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।’

ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো আবাসন থেকে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমেরিকা তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং যারা মূলত সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে, সেই সন্ত্রাসীদের ওপর সবচেয়ে কঠোর আঘাত হানবে।’

শনিবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেননি। 

তবে তিনি দুটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেননি।

হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইরানের ওপর হামলার পক্ষে যুক্তি তুলে ধরবেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে আজ সোমবার সকালে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পেন্টাগন প্রধান পিট হেগসেথের।  শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম সংবাদ সম্মেলন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.