ঝালকাঠির রাজাপুর উপজেলার সবার পরিচিত মুখ অঞ্জন মিস্ত্রি (অঞ্জন আর্ট) কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। যে মানুষটি দীর্ঘদিন ধরে নিজের সৃজনশীল হাতের কাজ দিয়ে রাজাপুরের অলিগলি, বাজার, প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানকে রঙে-তুলিতে সাজিয়েছেন, সেই মানুষটিই আজ অর্থের অভাবে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয়ভাবে ‘অঞ্জন আর্ট’ নামে সুপরিচিত অঞ্জন মিস্ত্রি পেশায় একজন সাইনবোর্ড ও ব্যানার শিল্পী। নীরবে-নিভৃতে বছরের পর বছর পরিশ্রম করে তিনি গড়ে তুলেছেন আস্থা ও ভালোবাসার এক আলাদা জায়গা। সদালাপী, বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। কারও দোকানের সাইনবোর্ড, কারও প্রতিষ্ঠানের ব্যানার-সবখানেই তার তুলির ছোঁয়া। অনেকের স্মৃতির সঙ্গেই জড়িয়ে আছে তার কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগতে থাকা অঞ্জনের শারীরিক অবস্থার সম্প্রতি মারাত্মক অবনতি হয়েছে।
চিকিৎসকদের মতে, তাকে নিয়মিত উন্নত চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ব্যয়বহুল ওষুধ গ্রহণ করতে হবে। প্রয়োজন হতে পারে আরও জটিল চিকিৎসা প্রক্রিয়ারও। তবে পরিবারের সীমিত আয়ে সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে চিকিৎসার খরচ জোগাতে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন তারা। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই যেখানে কঠিন, সেখানে দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অসুস্থতার কারণে কাজ করতে না পারায় আয়ও বন্ধ। ফলে পুরো পরিবার মানবেতর জীবনযাপন করছে।
এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী রাজাপুরবাসী ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অঞ্জন মিস্ত্রি ও তার স্বজনরা। মানবিক সহায়তা পাঠাতে বিকাশ (পারসোনাল) নম্বর: ০১৭২৬১২১৩৩৮ এ সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, একজন পরিশ্রমী ও সৃজনশীল মানুষকে বাঁচাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামান্য সহায়তাও তার চিকিৎসার পথে বড় ভূমিকা রাখতে পারে। মানবিক হাত বাড়ালেই হয়তো আবারও রঙ-তুলির জগতে ফিরতে পারবেন সবার প্রিয় ‘অঞ্জন আর্ট’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









