গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান উলুখোলা হাইওয়ের সরকারি সেতুর নিচ থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কিছু ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে মাটি তুলে বিক্রি করছে, ফলে সেতুর নিচে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় পিলার ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান, গভীর রাতে ট্রাক ও ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হয়। এতে সেতুর নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক বাসিন্দা জানান “প্রতিদিন রাতের অন্ধকারে মাটি কাটা হচ্ছে। এতে সেতুর ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। আমরা খুবই আতঙ্কে আছি।”প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।
সোমবার(২মার্চ)সরেজমিন ঘুরে দেখা গেছে, সেতুর নিচের অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও মাটির স্তর অনেকটাই সরে গেছে, যা অব্যাহত থাকলে সেতুর পিলারের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ মাটি কাটা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পূবাইল থানা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার জানান,যারা এই সমস্ত অপকর্ম করে তাদের কোন দলীয় পরিচয় নেই, তারা ভূমি খেকো।স্থানীয়দের নিয়ে আমরা এই মাটি চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব,এই কাজে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন বিএনপি'র এ নেতা।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভুমি)গাজীপুর সদর সার্কেল (এসিল্যান্ড)মোঃমঈন খান এলিস "এদিন"কে জানান,আমরা অপরাধীদেরকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি,অতি শীঘ্রই তাদেরকে হাতেনাতে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









