মহেশখালীতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হত-দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ হলরুম-এ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইমরান মাহমুদ ডালিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের এই সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজিএফ চাল বিতরণে যেন কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন আবু জাফর মজুমদার, কাউছার আহমেদ, মোহাম্মদ ছৈয়দুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় মহেশখালী প্রেস ক্লাব-এর সভাপতি জয়নাল আবেদীনসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রকৃত হতদরিদ্র মানুষের হাতে সরকারের সহায়তা পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









