আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে শিল্পাঞ্চলে সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে মানিকগঞ্জে শিল্প-কলকারখানা মালিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
মানিকগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঈদকে সামনে রেখে কোনোভাবেই শ্রমিক অসন্তোষ বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে দেওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি চলতি মাসের বেতন, বকেয়া পাওনা এবং উৎসব বোনাস নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং যেকোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করা জরুরি। একই সঙ্গে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক যথাযথভাবে প্রদান এবং ছুটির ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় শিল্প-কলকারখানা মালিক প্রতিনিধিরা শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন। তারা শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুস সালাম বাদল। এছাড়াও "দি প্লাস্টিসিটি" কোম্পানির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীরসহ জেলার বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও তাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









