চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ের জঙ্গল থেকে গলা কাটা অবস্থায় বের হওয়া শিশু জান্নাতুল নিশা ইরা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেল।
মঙ্গলবার (৩ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছর বয়সী শিশুটি। ইরার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। তখন তার গলা থেকে অনবরত রক্ত ঝরছিল।
ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে নেওয়া হয় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির পর সেদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইরার গলার অস্ত্রোপচার করা হয়।
পরদিন সোমবার তাকে নেওয়া হয় ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আমরা অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেব।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









