বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে নাটোরের পাঁচ বিএনপি নেত্রী

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে নাটোরের পাঁচ বিএনপি নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসন ঘিরে নাটোর জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী এবার জাতীয় সংসদে বিএনপি ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। আর সেই প্রেক্ষাপটে নাটোর থেকে পাঁচ নারী নেত্রী মনোনয়ন প্রত্যাশা করে আলোচনায় রয়েছেন।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশী নেত্রীরা ইতোমধ্যে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

আলোচনায় থাকা নেত্রীরা হলেন—সাবিনা ইয়াসমিন ছবি, সাবেক এমপি সুফিয়া হক, অ্যাডভোকেট আইনুন নাহার, মহুয়া নূর কচি ও সানজিদা ইয়াসমিন তুলি।
জানা যায়, সাবিনা ইয়াসমিন ছবি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর সহধর্মিণী। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী ছিলেন। দলীয় নেতাকর্মীরা মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে নাটোর-নওগাঁ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক এমপি সুফিয়া হকও মনোনয়ন প্রত্যাশী। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন দলীয় আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত এই নেত্রী আশা করছেন, তার অভিজ্ঞতা বিবেচনায় দল এবার তাকে মূল্যায়ন করবে।

অ্যাডভোকেট আইনুন নাহার জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন এবং এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯১ সালে তাকে সংরক্ষিত নারী আসনের জন্য সুপারিশ করা হলে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুমোদন দিলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এবার তিনি দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন।

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচিও আলোচনায় রয়েছেন। ২০১০ সালে বিএনপির কর্মসূচি চলাকালে তার স্বামী নিহত হন। ঘটনার পর খালেদা জিয়া তাদের বাসায় গিয়ে সান্ত্বনা দেন। এরপর থেকে মহুয়া নূর কচি বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে সংরক্ষিত আসনে দেখতে চান।

এছাড়া নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) এলাকার মেয়ে ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার জীবনে। স্থানীয় নেতাকর্মীদের একাংশ মনে করেন, তরুণ ও রাজপথ-সক্রিয় নেত্রী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

এদিকে নাটোর জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তেই নির্ধারিত হবে সংরক্ষিত নারী আসনে কার নাম চূড়ান্ত হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন—নাটোরের পাঁচ নেত্রীর মধ্যে কে পাচ্ছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের টিকিট।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.