নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে এনসিপিকে সমর্থনের জেরে রবিউল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি হাজী রগবত আলী জামে মসজিদের ইমাম।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত রবিউল হোসেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সমর্থিত শাপলা প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সমর্থন করায় বিএনপির কিছু সমর্থকের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
অভিযোগ রয়েছে, এর আগে কয়েক দফা তাকে হুমকি ও মারধরের চেষ্টা করা হয়েছিল।
ঘটনার দিন তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। পরিস্থিতি বুঝে তিনি মোটরসাইকেল রেখে দৌড়ে পুনরায় মসজিদে আশ্রয় নেন। হামলাকারীরা ইমামের কক্ষের দরজা ভেঙে তাকে টেনে বাইরে এনে মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর পিতা মোহাম্মদ হোসেন দাবি করেন, রুবেল, বাবুল, ওসমান, সুমন, মিরাজ, আকরাম, শাখাওয়াত, শাহারাজ ও আশরাফসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে মসজিদ থেকে টেনে বের করে মারধর করা হয়। হামলাকারীরা মোবাইল ফোন, মোটরসাইকেল এবং মসজিদের কিছু অর্থও নিয়ে যায় বলে তিনি দাবি করেন। তিনি প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতের পিঠ, পায়ের গোড়ালি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগীকে দেখতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, নির্বাচনের পর একটি পক্ষ এলাকায় সহিংস পরিবেশ তৈরি করছে। তিনি ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, তিনি আহত ইমামকে হাসপাতালে দেখে এসেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা রুবেলকে ইতোমধ্যে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









