যশোরের অভয়নগর উপজেলায় পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রাম পাহারার সময় পেরোলী (নড়াইল) থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাদের গতিরোধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে।
স্থানীয় আরিফ হোসেনসহ বেশকয়েকজন স্থানীয়রা জানান, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে ক্ষুব্ধ জনতা তিনজনকে ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় রবিউল মোল্লা আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে তাকেও মারধর করে আহত করা হয়।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক উত্তম কুমার জানান, আহত তিনজনের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তারা আশংকা মুক্ত রয়েছেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









