বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন কুমার রায় (৩০) নামে এক কোচিং শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। প্রিয় শিক্ষকের খুনিদের ফাঁসির দাবিতে শনিবার (৭ মার্চ) সকাল থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল ৭টা থেকেই উপজেলার ফুলবাড়ি বাজারে সমবেত হতে থাকে উক্ত কোচিং সেন্টারের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। নিহত চয়ন কুমার রায় স্থানীয় ‘ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারের’ সহকারী পরিচালক হওয়ায় তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফুলবাড়ি বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারিয়াকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষক হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’এমন নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ফুলবাড়ি বাজার এলাকায় জমি নিয়ে চয়ন কুমার রায়ের পরিবারের সাথে প্রতিপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও ধারালো চাকু নিয়ে চয়ন ও তার বড় ভাই নয়ন কুমার রায়ের (৩৪) ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষ চয়নকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই নয়ন কুমার রায়ও গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই চয়নের মৃত্যু হয়। নিহত ও আহত দুই ভাই-ই পেশায় শিক্ষক ছিলেন। নয়ন কুমার রায় আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সারিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এদিন প্রতিবেদককে জানান, শিক্ষক চয়ন হত্যার ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









