ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে পোল্ট্রি মুরগির দাম। বর্তমানে প্রতি কেজি সাদা বয়লার পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা এবং লেয়ার লাল মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুচরা বিক্রেতারা জানান, একদিন আগেও তারা প্রতি কেজি মুরগি ১৭০ টাকা দরে কিনে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে পাইকারি বাজারে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দাম বাড়িয়ে প্রতি কেজি ১৯০-২০২ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন এবং মুরগির খাদ্যসহ বিভিন্ন খরচ যোগ করে তারা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা লাভে মুরগি বিক্রি করছেন। তবে এর মধ্যে প্রায় ১০ টাকা পর্যন্ত খরচ রয়েছে।
খুচরা ব্যবসায়ীদের মতে, হঠাৎ দাম বাড়ায় মুরগির বেচাকেনাও কিছুটা কমে গেছে। তারা বলেন, মুরগির দাম কম থাকলে বিক্রি বেশি হয়, কিন্তু দাম বাড়লে ক্রেতা কম হয়।
হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বাজার তদারকি জোরদার করা হলে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বাজারের আবরার পোল্ট্রি খুচরা ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ডিলাররা সিন্ডিকেট করে পোল্ট্রি ফার্ম মালিকদের জিম্মি করে দাম বাড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক ইখতিয়ার আলম রেজভী বলেন, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর বর্ডার বাজারে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, কী কারণে মুরগির দাম বৃদ্ধি করা হয়েছে আমরা এ বিষয়ে তদারকি করছি এবং বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের টিম কাজ করছে।
তিনি আরো বলেন, কোথাও কোনো প্রকার অনিয়ম হলে আমাদেরকে অবগত করলে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









