উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে রবিবার খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রতি বছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সঙ্গে পালন করে থাকি। অসমতা পুরুষের সঙ্গে নয়, সেটি হয়ে থাকে নারীদের সঙ্গে। নারীদের একজন মা, বোন বা স্ত্রী হিসেবে না ভেবে প্রথমত একজন মানুষ হিসেবে ভাবা আমাদের প্রত্যেকেরই উচিত। এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সবার দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সব অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য।
প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি আমরা একটি বিশ্রামকক্ষের ব্যবস্থা রাখতে পারি, তাহলে নারী কর্মীরা তাদের কর্মক্ষেত্রে একদিকে যেমন ব্যক্তিগত কাজে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বোধ করবে, পাশাপাশি দাপ্তরিক কাজও তারা সুন্দরভাবে করতে পারবেন।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। সকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









