বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা অঞ্চলের যমুনা নদীর চরাঞ্চলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কালিতলা নৌঘাটে ‘জল জোৎস্না’ নামে একটি আধুনিক রিসোর্টের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
কর্ণেল’স ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পের উদ্বোধন করেন সাবেক সেনা কর্মকর্তা ও প্রস্তাবিত জাতীয়তাবাদী জেড ফোর্সের সভাপতি কর্ণেল (অব.) জগলুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণেল (অব.) জগলুল আহসান জানান, এই প্রকল্পটি প্রচলিত মুনাফাভিত্তিক ব্যবসার বাইরে গিয়ে তাঁর পিএইচডি গবেষণার থিম ‘প্রফিট মডারেশন’ বা সামাজিক ব্যবসার আদলে পরিচালিত হবে। যমুনার পাড়ে যেসব দরিদ্র মানুষের নিজস্ব জমি রয়েছে, তারা যেন নিজেদের জমিতে আধুনিক কুঁড়েঘর তৈরি করে এই পর্যটন ব্যবসার অংশীদার হতে পারেন, সেই লক্ষে কাজ করবে কর্ণেল’স ফাউন্ডেশন। যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের ক্ষেত্রে ফাউন্ডেশন বা এনজিওর মাধ্যমে ৫০:৫০ লভ্যাংশ শেয়ার নীতিতে অর্থায়ন করা হবে।
পুরো প্রকল্পটি মোট পাঁচটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে কালিতলা ঘাটে আধুনিক রিসোর্ট, রেস্তোরাঁ এবং সুন্দরবন ও বান্দরবানের আদলে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কটেজ তৈরি করা হবে। তৃতীয় ধাপে তরুণদের জন্য 'অপারেশন রিভারবিস্ট' নামে সামরিক ধাঁচের অ্যাডভেঞ্চার, হর্স রাইড ও প্যারাগ্লাইডিং এবং বয়স্কদের জন্য চরে তাবু খাটিয়ে রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে। চতুর্থ ও পঞ্চম ধাপে নদীতে হাউসবোট সার্ভিস চালু করা হবে এবং সফলতার ভিত্তিতে একটি মিনি গলফ গ্রাউন্ড ও বিশেষ রিসোর্ট সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে যমুনার পাড় কেবল একটি পর্যটন কেন্দ্রই হবে না, বরং এটি স্থানীয় অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়ে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









