নীলফামারীর সৈয়দপুরে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পাঠানো এই খেজুর স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে ওইসব খেজুর বিতরণ করা হয়। রমজান মাসে রোজাদারদের ইফতারের সময় খেজুর বিশেষ গুরুত্ব বহন করায় এই সহায়তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও বাসিন্দাদের জন্য স্বস্থির বার্তা বয়ে এনেছে।
খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পাঠানো এসব খেজুর আমরা বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। রমজান মাসে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সহায়তা। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, এতিমরা উপকৃত হবে বলে আশা করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পাঠানো মোট ১৬৪ কেজি খেজুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।
উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, রমজান মাসে এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের জন্য এই সহায়তা বিশেষভাবে সহায়ক হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









