নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের অভিযানে একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তবে আটক অভিযানের সময় মাদক কারবারিদের হামলায় ৮ জন যুবদল নেতা আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকমুক্ত রূপগঞ্জ গড়তে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর উদ্যোগ ও জেলা পুলিশের তৎপরতায় নির্বাচন পরবর্তী সময় থেকে উপজেলায় মাদকবিরোধী অভিযানের কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রূপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে আসছেন।
এর ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে খবর পেয়ে ঠাকুরবাড়ীর টেক এলাকায় অবস্থান নেন স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। এসময় একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক পরিবহনের চেষ্টা করা হলে তারা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করা হয়।
এসময় নিজেদের রক্ষা করতে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মাদক কারবারিরা কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তারা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৮ জন যুবদল নেতা আহত হন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আটক দুই মাদক কারবারিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বয়ে অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









