নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পর মাঠ পর্যায়ে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাহসী ভূমিকা ও পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন।
সংবাদ সম্মেলনে ওসি বলেন, গত বুধবার (১১ মার্চ) রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদকবিরোধী অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে আটক করে। ওই সময় গাড়িটি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নিয়ে একটি অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ দুইজনকে আটক করে। ওই সময় ধাওয়া খেয়ে মাদক কারবারিরা তাদের সাথে থাকা আরো কিছু মাদক নিকটস্থ ঝোপঝাড় ও ইরি ক্ষেতে সরিয়ে ফেলে।
পূর্বের ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়ীর টেক এলাকায় পুনরায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে ওই এলাকার ঝোপঝাড় ও পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা অবস্থায় বস্তাভর্তি ১৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই উদ্ধার অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি সবজেল হোসেন আরো বলেন, মাননীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশনায় রূপগঞ্জে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। তাদের সচেতনতা ও বিএনপি নেতাদের ঐকান্তিক সহযোগিতার কারণে পুলিশ আজ এই বিশাল মাদকের চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে। এমপির ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবে। যারা এই ১৬১ কেজি গাঁজা কেনাবেচার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নির্বাচিত হওয়ার পর থেকেই রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় মাদক কারবারিরা এখন এলাকা ছেড়ে পালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









